তারকার বাড়িতে বোমা আতঙ্ক

বারবার হুমকির ঘটনায় উদ্বেগ; সাইবার অপরাধীদের খোঁজে তামিলনাড়ু পুলিশের তৎপরতা।

টুইট প্রতিবেদক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের চেন্নাইয়ের বাসভবন ঘিরে আবারও বোমা হামলার হুমকির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে তামিলনাড়ু পুলিশের নিয়ন্ত্রণকক্ষে পাঠানো একাধিক ইমেইল বার্তায় এই হুমকি দেওয়া হয়, যা মুহূর্তেই নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করে তোলে।

ইমেইলগুলোতে দাবি করা হয়, অভিনেত্রীর বাড়িতে শক্তিশালী বিস্ফোরক বসানো হয়েছে এবং যেকোনো সময় তা বিস্ফোরিত হতে পারে।

খবরটি ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং প্রশিক্ষিত কুকুরসহ বিশেষ ইউনিট।

কয়েক ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হলেও বাড়ির ভেতর বা আশপাশে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে পুলিশ নিশ্চিত করে, এটি ছিল ভুয়া হুমকি।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একই ধরনের হুমকি এর আগেও পেয়েছিলেন এই অভিনেত্রী।

২০২৫ সালের ২ অক্টোবর রাতেও অনুরূপভাবে তার বাড়িকে লক্ষ্য করে বোমা হামলার মিথ্যা বার্তা পাঠানো হয়েছিল।

ধারাবাহিকভাবে একই ব্যক্তিকে লক্ষ্য করে এমন হুমকি দেওয়ার পেছনে কোনো সুসংগঠিত চক্র জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সাইবার অপরাধ দমন বিভাগ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ইমেইলের উৎস শনাক্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে প্রযুক্তিগত বিশ্লেষণ জোরদার করা হয়েছে।

এদিকে, নিরাপত্তা উদ্বেগের মধ্যেও পেশাগত ব্যস্ততা থামেনি তৃষা কৃষ্ণানের।

বর্তমানে তিনি চিরঞ্জীবী এর বিপরীতে ‘বিশ্বম্ভরা’ নামের উচ্চ বাজেটের চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলচ্চিত্রটি ঘিরে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে।

বারবার এমন হুমকির ঘটনায় প্রশ্ন উঠছে,তারকাদের নিরাপত্তা কতটা সুরক্ষিত, এবং ডিজিটাল মাধ্যমে ছড়ানো আতঙ্ক মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত।