এপ্রিলে তাপপ্রবাহের শঙ্কা, ঘূর্ণিঝড়েরও আশঙ্কা

দুইটি তীব্র তাপপ্রবাহ ও বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা।

টুইট ডেস্ক: চলতি এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশের ওপর দিয়ে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এ পূর্বাভাস দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক ও কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলজুড়ে দেশে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে।

তীব্র তাপপ্রবাহের সময় তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সমুদ্র পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া এপ্রিলজুড়ে কালবৈশাখীর প্রভাবও থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

অন্যদিকে কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর পানির প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। প্রতিদিন গড়ে ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা সূর্যকিরণ পাওয়া যেতে পারে এবং বাষ্পীভবনের হার থাকতে পারে ৩.০ থেকে ৫.০ মিলিমিটার।

উল্লেখ্য, গত মার্চ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।