টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী

রঙ্গীখালীর গহীন পাহাড়ে অভিযান, উদ্ধার খালি কার্তুজ ও সরঞ্জাম।
টুইট ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশ। অভিযানে আস্তানা থেকে খালি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়।
শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের শুরুতে বিশেষ আভিযানিক দল আস্তানাটি চারদিক থেকে ঘেরাও করে। পরে সেখানে তল্লাশি চালিয়ে কিছু খালি কার্তুজ ও আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে মানবপাচারকারী চক্রের আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







