রাজশাহী রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানালেন আরএমপি কমিশনার

পারস্পরিক সমন্বয় জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নবাগত ডিআইজিকে স্বাগত জানাতে উপস্থিত হন আরএমপি পুলিশ কমিশনার। এ সময় তিনি নবাগত ডিআইজির দায়িত্ব পালনে সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
পুলিশ কমিশনার আশা প্রকাশ করেন, নবাগত ডিআইজির দক্ষ নেতৃত্বে রাজশাহী রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং পুলিশ প্রশাসনের কার্যক্রম জনবান্ধব ও গতিশীল হবে।
এ সময় রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করা হবে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রেলওয়ে পুলিশের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত সততা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) অর্জন করেন।
১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মীর আশরাফ আলী ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বগুড়া সদর উপজেলার এই কৃতী সন্তান বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নবাগত ডিআইজির সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের এই শুভেচ্ছা বিনিময় দুই পুলিশ ইউনিটের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির প্রত্যাশাকে আরও জোরালো করেছে।






