এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে সময় বাড়ল

কারিগরি ত্রুটিতে আবেদন করতে পারেননি অনেক শিক্ষার্থী, নতুন সময়সীমা রোববার দুপুর ১২টা; ফল প্রকাশ ২৭ নভেম্বর।
টুইট প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। অনলাইন আবেদন প্রক্রিয়ায় কারিগরি ত্রুটির কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) রাত ১২টার পরিবর্তে আগামীকাল রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
শনিবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কারিগরি ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া বিঘ্নিত হয়। এতে অনেক পরীক্ষার্থী আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় বাড়ানো হয়েছে।
পুনর্নিরীক্ষণে আবেদন ১০ লাখ ছাড়িয়েছে
এবার এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনে রেকর্ড সৃষ্টি হয়েছে। সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি আবেদন করেছেন।
শনিবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, একজন শিক্ষার্থী একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করতে পারেন। সে কারণে শিক্ষার্থীর সংখ্যা এবং মোট আবেদনের সংখ্যায় পার্থক্য রয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৫ লাখ ৮ হাজার ১১৬টি। সেই হিসাবে গত দুই বছরের তুলনায় এবার আবেদনের সংখ্যা দ্বিগুণেরও বেশি।
ফল প্রকাশ ২৭ নভেম্বর
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে সময়সূচি অনুযায়ী কার্যক্রম শেষ করার প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
নির্ধারিত সূচি অনুযায়ী, আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পর রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে আবেদনের তথ্য সংগ্রহ করা হবে। ৯





