রাজশাহীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, ১১৮ মামলা ও ৫৮ যানবাহন আটক

৫৬০টি যানবাহন তল্লাশি ও কাগজপত্র যাচাই, সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুলিশের
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১১৮টি মামলা দায়েরের পাশাপাশি ৫৮টি যানবাহন আটক করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরএমপির ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে বিভিন্ন ধরনের ৫৬০টি যানবাহন তল্লাশি ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১১৮টি মামলা করা হয়। পাশাপাশি ৫৮টি যানবাহন আটক করা হয়েছে।
আরএমপি জানায়, মহানগরীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়ক নিরাপদ রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য চালক ও যানবাহনের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।





