পল্লবী মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

বিহঙ্গ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড, চালক ও সহকারীর চেষ্টায় নিয়ন্ত্রণে; হতাহতের খবর নেই।
টুইট প্রতিবেদক: রাজধানীর পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসের চালক ও সহকারীর দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এএসআই) রেজওয়ান।
তিনি জানান, মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কারা বা কী কারণে আগুন লাগিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও সহকারী আগুন নিভিয়ে ফেলেন।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।






