১৫ বছরেই বিহারের অধিনায়ক বৈভব সূর্যবংশী

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে প্রথমবার পূর্ণাঙ্গ অধিনায়কত্বের দায়িত্ব পেলেন কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী।
টুইট প্রতিবেদক: মাত্র ১৫ বছর বয়সেই নেতৃত্বের বড় দায়িত্ব পেলেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। আসন্ন সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহার দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এই তরুণ ব্যাটার। শুক্রবার বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ঘরোয়া ক্রিকেটে সাময়িকভাবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম সরাসরি অধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব। দুলিপ ট্রফির ফাইনালে ইশান কিষাণ মাঠের বাইরে চলে গেলে কিছু সময়ের জন্য ইস্ট জোনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এ ছাড়া রঞ্জি ট্রফিতে বিহার দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বৈভবের নতুন দায়িত্বে শুভকামনা জানিয়েছেন ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে মাত্র ১৫ বছর বয়সে এমন বড় দায়িত্ব পাওয়ায় বিস্ময়ও প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্বিন লিখেছেন, তরুণ ক্রিকেটারের জন্য এটি অনেক বড় দায়িত্ব। তার প্রতি শুভকামনা।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন বৈভব। যদিও খেলেছেন মাত্র দুই ম্যাচ। সেখানে তার সংগ্রহ ৪ ও ৪৫ রান। সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে পাওয়ার প্লেতে ১১৮ রানের জুটি গড়ে আলোচনায় আসেন তিনি, যা বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এ পর্যন্ত ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বৈভব। এর মধ্যে বিহারের হয়ে খেলেছেন সাতটি। আগের আসরে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে ৬১ বলে অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
তবে এবারের আসরে বৈভবের সামনে চ্যালেঞ্জও কম নয়। ঘরোয়া মৌসুমের শুরুতে রঞ্জি ট্রফির প্রথম পর্বে চার ম্যাচের সবকটিতেই হেরেছে বিহার। নতুন অধিনায়কের নেতৃত্বে সেই ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে দলটি।
আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফির অভিযান শুরু করবে বিহার। এখন দেখার বিষয়, ব্যাট হাতে আলো ছড়ানোর পাশাপাশি নেতৃত্বেও কতটা সফল হন ১৫ বছর বয়সী বৈভব।






