আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী

রানারআপ নৌবাহিনী, ফেয়ার প্লে ট্রফিও সেনাবাহিনীর; শ্রেষ্ঠ খেলোয়াড় ইমতিয়াজ রায়হান!

টুইট ডেস্ক: আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতেছে সেনাবাহিনী দল।

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় সেনাবাহিনী দলের ল্যান্স কর্পোরাল ইমতিয়াজ রায়হান শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। শৃঙ্খলা, সততা, প্রতিপক্ষ ও রেফারির প্রতি সম্মান, খেলোয়াড়সুলভ আচরণ এবং খেলার নিয়ম যথাযথভাবে অনুসরণের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী দল ফেয়ার প্লে ট্রফি অর্জন করে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ফুটবল দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের সদস্য এবং অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

সূত্র: আইএসপিআর।