ক্ষমতার ভাগাভাগি নয়, জনকল্যাণের রাজনীতি চায় এবি পার্টি

মানুষের অধিকার, মর্যাদা ও জীবনমান উন্নয়নকে রাজনীতির মূল লক্ষ্য করার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
টুইট প্রতিবেদক: ক্ষমতার ভাগাভাগি নয়, জনগণের ভাগ্য পরিবর্তন, মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠাই আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজনীতির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে অনেক রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান দূর করতে পারেনি। এবি পার্টি সেই ব্যবধান ঘোচাতে চায়। রাজনীতিকে ক্ষমতার প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান পরিবর্তনের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দেশের অসংখ্য রাজনৈতিক দলের মধ্যে এবি পার্টি কেন আলাদা হবে এবং মানুষ কেন দলটিকে বেছে নেবে, সেই প্রশ্নের উত্তর নেতাকর্মীদের নিজেদের কাজের মাধ্যমে দিতে হবে।
রাজনৈতিক দলগুলোর সংঘাত, হানাহানি ও ক্ষমতার দ্বন্দ্বে সাধারণ মানুষ রাজনীতির প্রতি আগ্রহ হারাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ শান্তিতে থাকতে চায় এবং নিজের অধিকার নিয়ে বাঁচতে চায়। রাজনৈতিক সংঘাত ও প্রতিহিংসার মধ্যে জড়াতে চায় না।
মঞ্জু আরও বলেন, দেশে প্রায় ১০০টি রাজনৈতিক দল রয়েছে, যার মধ্যে প্রায় ৬০টি নিবন্ধিত। এত দলের মধ্যে এবি পার্টির প্রতি মানুষ কেন আস্থা রাখবে, তার জবাব দিতে হবে নেতাকর্মীদের আচরণ, সততা, আন্তরিকতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে। মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করতে পারলেই দলটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, কোনো রাজনৈতিক দলই জন্মলগ্ন থেকে বড় হয়ে ওঠে না। মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস অর্জনের মধ্য দিয়েই একটি দল শক্তিশালী হয়। এ জন্য প্রয়োজন দৃঢ় ইচ্ছাশক্তি, ধৈর্য, আন্তরিকতা ও নিরলস পরিশ্রম।
তিনি বলেন, শুধু মুখে দলের আদর্শ ও উদ্দেশ্যের কথা বললে হবে না, বাস্তব কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। দেশের প্রতিটি মানুষের ব্যবসা-বাণিজ্য, পেশা ও কর্মক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে মানুষের অধিকার ও স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
দলের সাংগঠনিক শক্তি প্রসঙ্গে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি তার কর্মীরা। কর্মীদের অবমূল্যায়ন না করে ভালোবাসা, সম্মান ও পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর দক্ষিণের বিভিন্ন থানার নেতারা সাংগঠনিক কার্যক্রম, কর্মীদের ভূমিকা, সংগঠনের শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।






