আদালতের পথে পরীমনির রহস্যময় বার্তা

পাঁচ বছর আগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করতে আদালতে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রীর।
টুইট প্রতিবেদক: আবারও আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। পাঁচ বছর আগের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে যান তিনি। তবে আদালতে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি রহস্যময় বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘যে মধুতে মরে, তারে বিষ দিতে নেই।’ অভিনেত্রীর এই সংক্ষিপ্ত পোস্টের মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। তবে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।
২০২১ সালে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। গত বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সেদিন আদালতে হাজির হননি পরীমনি।
তার আইনজীবী সময়ের আবেদন জানালেও আদালত তা গ্রহণ করেননি। পরে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।
এর আগে গত বছরের ২৬ জানুয়ারি একই মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
এদিকে অভিনয়ে ব্যস্ততা রয়েছে পরীমনির। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন তিনি। এতে তার সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি তারেক রহমান পরিচালিত ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজও প্রায় শেষ করেছেন অভিনেত্রী।






