শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস শফিকুর রহমানের

১১ মাসের সন্তান ও অসহায় স্ত্রীকে নিয়ে উদ্বেগ; হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সকাল ১১টা ২০ মিনিটে নিহত তৌফিকের স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে শফিকুর রহমান জানান, তৌফিক ও তাঁর বড় ভাই একই পোশাক কারখানায় কাজ করতেন। দুই ভাইয়ের শৈশব কেটেছে অভাব-অনটনের মধ্যে। হাসপাতালে গিয়ে বড় ভাই সংজ্ঞাহীন অবস্থায় তৌফিককে দেখলেও তাঁর সঙ্গে শেষ কথা বলতে পারেননি।
তিনি আরও জানান, তৌফিকের স্ত্রীও অভাবের কারণে একই সঙ্গে পোশাক কারখানায় চাকরি করতেন। তবে তাঁদের একমাত্র সন্তান সিয়ামের জন্মের পর লালন-পালনের জন্য চাকরি ছেড়ে দেন। শিশুটির বয়স বর্তমানে মাত্র ১১ মাস।
শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, নিহতের পরিবারের গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় নিজস্ব কোনো বসতভিটা নেই। বর্তমানে তাঁরা তৌফিকের চাচার ছোট একটি ঘরে আশ্রয় নিয়েছেন।
পোস্টে তিনি তৌফিকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেন। একই সঙ্গে অসহায় স্ত্রী ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
শফিকুর রহমানের সঙ্গে ফোনালাপের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির ও সংসদ সদস্য আব্দুল করিম, সাবেক জেলা আমির ও চিকিৎসক ডা. আব্দুর রহিম সরকার এবং গোবিন্দগঞ্জ উপজেলা আমিরসহ স্থানীয় নেতারা। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে ও সান্ত্বনা জানাতে সেখানে উপস্থিত হন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
সূত্র: ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্ট।






