মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, না মানলে কঠোর ব্যবস্থা

নির্ধারিত মাপ ও নকশায় প্লেট লাগাতে হবে, না মানলে আইনি ব্যবস্থা
টুইট ডেস্ক: দেশের সব মোটরসাইকেলের সামনের দিকে নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী হাতে লেখা নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিএর গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। এতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। প্লেটে কোনো নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।
বিআরটিএ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়মে সামনের নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






