সৌদির যাত্রায় অনিশ্চয়তা বাংলাদেশী প্রবাসীরা

ঢাকা থেকে সৌদিগামী যাত্রীদের ২২টি সংযোগকারী ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি প্রবাসী।
টুইট ডেস্ক: সৌদি আরবের চারটি গন্তব্যে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। এ সিদ্ধান্তের প্রভাব পড়েছে বাংলাদেশি যাত্রীদের ওপরও। গত এক সপ্তাহে ঢাকা থেকে সৌদি আরবগামী যাত্রীদের বহনকারী ইন্ডিগোর ২২টি সংযোগকারী ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভারত হয়ে সৌদি আরবে যাতায়াতকারী প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য যাত্রীর ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে ইন্ডিগো জানায়, সৌদি আরবের পরিবর্তনশীল পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনায় যাওয়া-আসার সব ফ্লাইট আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল রাখা হয়েছে।
১৫ হাজারের বেশি যাত্রী ভোগান্তিতে
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরোপিত বিধিনিষেধের কারণে গত কয়েক দিনে ঢাকা থেকে সৌদিগামী যাত্রীদের জন্য সরাসরি ও সংযোগকারী মিলিয়ে ১০৩টি ফ্লাইট বাতিল অথবা স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী।
বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবগামী ৬১টি সংযোগকারী ফ্লাইট রয়েছে। এর মধ্যে ইন্ডিগোর ফ্লাইট ২২টি। ফলে ভারত হয়ে সৌদি আরবে কর্মস্থলে ফেরা প্রবাসী, নতুন কর্মী এবং ছুটি শেষে দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা বিপাকে পড়েছেন।
যাত্রীদের জন্য ইন্ডিগোর পরামর্শ
ইন্ডিগো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিট বুকিংয়ের সময় দেওয়া যোগাযোগের তথ্য ব্যবহার করে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি পাঠানো হচ্ছে। ভ্রমণ সংস্থা কিংবা অন্য কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে টিকিট কেনা যাত্রীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে বিভিন্ন বিমান সংস্থা ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ও চলাচল স্থগিত করছে। এতে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে সৌদিগামী যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে সংযোগকারী ফ্লাইটের টিকিটধারীদের শুধু ঢাকা থেকে প্রথম ফ্লাইট চালু আছে কি না, তা যাচাই করলেই চলবে না। পরবর্তী গন্তব্যে যাওয়ার সংযোগকারী ফ্লাইটটিও সচল রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার ওপর গুরুত্ব দিয়েছে ইন্ডিগো।






