শারদীয় শুভেচ্ছা জানাতে ২০ অক্টোবর রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০ অক্টোবর শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাতে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন নগরের রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনের পাশাপাশি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সফর ও দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।
প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সকালে সামরিক বিমানে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরে যাবেন তারেক রহমান। সেখানে রংপুর ধর্মসভা বা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে বেলা ৩টায় নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
জনসভা শেষে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
এদিকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আরএমপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
সভায় প্রধানমন্ত্রীর সফর সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং জননিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






