যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৪

 নিহত তিন শিশুর বয়স ৫ থেকে ১১ বছর, আহত আরও দুইজন

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শিশু ও আরেক শিক্ষক।

স্থানীয় সময় বৃহস্পতিবার বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। শহরটি পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ জানান, নিহত তিন শিশুর বয়স ৫, ৮ ও ১১ বছর। হামলায় জড়িত সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরও ঘটনাস্থলে নিহত হয়েছে। তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেছিল সন্দেহভাজন কিশোর। সে আগে ওই বিদ্যালয়ে পড়াশোনা করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সেবায় প্রথম ফোন আসে। এরপর কয়েক মিনিটের মধ্যে আরও ফোনকল আসে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আহত সাত বছর বয়সী শিশু ও ৫৪ বছর বয়সী শিক্ষককে বেন্ড শহরের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।