শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, শুরু ছয় দিনের উৎসব

দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে পূজা, ২১ অক্টোবর বিজয়া দশমী
টুইট ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের ছয় দিনের আয়োজন।
প্রচলিত নিয়মে দুর্গাপূজা মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন উদযাপিত হলেও এবার মহাসপ্তমীর তিথি দুদিন পড়ায় উৎসব চলবে ছয় দিন। সূচি অনুযায়ী, শনিবার মহাসপ্তমী, রোববার অতিরিক্ত তিথিতে পূজা, সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমী পালিত হবে। বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন এবং নৌকায় বিদায় নেবেন। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার বার্তা নিয়ে প্রতিবছর দুর্গোৎসব উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি। তবে ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় মণ্ডপের সংখ্যা তিনটি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে।






