নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

দুর্গাপুরে হামলায় ঘটনাস্থলেই মৃত্যু, উদ্ধার গুলির খোসা
টুইট ডেস্ক: নেত্রকোণার দুর্গাপুরে লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরি এলাকার উৎরাইলের তেলুনজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ফকির সাবেক সেনাসদস্য ছিলেন। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, একদল দুর্বৃত্ত সাংবাদিককে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করেছে।
হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধস্থল পরীক্ষার দলকে খবর দেওয়া হয়েছে। তদন্ত ও আলামত সংগ্রহের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তবে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।






