এক মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

টুইট ডেস্ক : মালয়েশিয়ায় প্রায় এক মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন এবং এখন অনেকটাই সুস্থ।

গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়া যান মির্জা আব্বাস। সেখানে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তাঁর চিকিৎসা চলে। এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন তিনি।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে অস্ত্রোপচারের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসার পর তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার পর ফলোআপ চিকিৎসার জন্য আবারও মালয়েশিয়া গিয়েছিলেন তিনি।