রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে যুবদলের বিনা মূল্যে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরীর সবুজায়ন বাড়াতে রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে মহানগর যুবদল। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি এলাকায় এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা।

সোমবার (১২ অক্টোবর) নগরীর চন্দ্রিমা থানার ১৯ নম্বর ওয়ার্ডের আল আরাফা একাডেমিতে শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলী।

মো. রফিকুল ইসলাম রবি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও নির্দেশনার আলোকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি এলাকায় বিনা মূল্যে গাছের চারা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এ উদ্যোগ অব্যাহত থাকবে।

শরিফুল ইসলাম জনি বলেন, বৃক্ষরোপণের বার্তা নগরীর প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে চান তাঁরা। রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করাই এ কর্মসূচির লক্ষ্য।

কর্মসূচির সমন্বয় করেন চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মানিক। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা ও মুজিবুল হক মিলন, সদস্য মোফাজ্জল হোসেন শুভ ও তানভীর হোসেন হীরা, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আকতার হোসেন, বিএনপি নেতা সিরাজ আলী ও জাহাঙ্গীর হোসেন।

এ ছাড়া ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের আহ্বায়ক মো. শাহিন আলী, সদস্যসচিব মো. ইউসুফ আলী সনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আলী ও যুগ্ম আহ্বায়ক শুভ, চন্দ্রিমা থানা যুবদলের নেতা রানান ও শিয়াম, ১৯ নম্বর ওয়ার্ড উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু এবং মহানগর যুবদল নেতা আল ফারাবি রাজ, ওয়াসিম ও রকিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।