৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

শিশুর মায়ের অভিযোগের পর মামলা, আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্ত শিক্ষককে

টুইট ডেস্ক:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মোশাহিদুল ইসলাম নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ করেন।

গ্রেপ্তার মোশাহিদুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার বারদী মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠে মাদ্রাসাশিক্ষক মোশাহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।