দিল্লিতে আ.লীগ ও জামায়াতের ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খানের

অতীতেও বিএনপির বিরুদ্ধে দুই দল ষড়যন্ত্র করেছে দাবি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর; জনগণের সমর্থন থাকলে সব চাপ মোকাবিলা সম্ভব বলে মন্তব্য তাঁর।

টুইট প্রতিবেদক: দিল্লিতে বসে আওয়ামী লীগ এবং বাংলাদেশে জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, অতীতের মতো বর্তমানেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে এসব মোকাবিলা করার সক্ষমতা বিএনপির রয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ ছাড়া ১৯৮৬ সালে এরশাদের ক্ষমতা সুসংহত করার ক্ষেত্রেও দল দুটি দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত করেছিল বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, অতীতে বিএনপির বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হয়েছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণ সেগুলো মোকাবিলা করেছিল। বর্তমানে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আওয়ামী লীগ দিল্লিতে অবস্থান করে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তবে এসব পরিস্থিতি মোকাবিলায় বিএনপি সক্ষম বলে তিনি উল্লেখ করেন।
রাশেদ খানের ভাষ্য, জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যেকোনো চাপ ও ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

এর আগে রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খান।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাশফিকুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।