বান্দরবানে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন নাজনীন সুলতানা

বিদায়ী জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ্ নাজনীন সুলতানা।

সোমবার (১২ অক্টোবর) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি বিদায়ী জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে গত ৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে বদলি ও পদায়ন করা হয়।

নাজনীন সুলতানা বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি এর আগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে বিদায়ী জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি গত ২ এপ্রিল ২০২৬ বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন।

দুর্গম পাহাড়ি জনপদ, ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, পর্যটন ও উন্নয়ন কার্যক্রম সমন্বয়ে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবা আরও গতিশীল হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।