বৃষ্টি হলেই ডুবছে তারাগঞ্জ বাজার হাঁটুপানিতে ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, পানি নিষ্কাশনব্যবস্থা নিয়ে ক্ষোভ ব্যবসায়ী-ক্রেতাদের

নিজস্ব প্রতিবেদক: রংপুরের তারাগঞ্জ সদর কুর্শা বাজারে এক বেলার টানা বৃষ্টিতেই হাঁটুপানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন বাজারের ক্রেতা-বিক্রেতাসহ পথচারীরা। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারের বিভিন্ন স্থানে পানি জমে যায় বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা বৃষ্টির পর বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন অংশে পানি জমে যায়। কোথাও কোথাও পানি হাঁটু পর্যন্ত উঠে যায়। এতে বাজারে আসা ক্রেতাদের পানির মধ্য দিয়ে চলাচল করতে হয়। পাশাপাশি দোকানের সামনে পানি জমে থাকায় পণ্য নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরাও।

বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা জানান, বৃষ্টির পর বাজারের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের বেশি দুর্ভোগে পড়তে হয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।

কাঁচামাল ব্যবসায়ী তোজাম্মেল বলেন, ‘বাজার থেকে নিয়মিত খাজনা তোলা হয়। কিন্তু বাজারের সংস্কার বা পানি নিষ্কাশনের জন্য তেমন কোনো কাজ দেখা যায় না। একটু বৃষ্টি হলেই বাজারে পানি জমে যায়। এতে ব্যবসায়ী ও ক্রেতা—দুই পক্ষকেই দুর্ভোগ পোহাতে হয়।’

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারের পানি নিষ্কাশনব্যবস্থা নিয়ে নানা সমস্যা থাকলেও স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে না। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য নালা-নর্দমা পরিষ্কার ও প্রয়োজনীয় সংস্কার করা জরুরি বলে মনে করছেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, বাজার থেকে নিয়মিত খাজনা আদায় করা হলেও এর বিপরীতে বাজারের অবকাঠামো ও পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন না হলে প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের ভোগান্তি পোহাতে হবে। তাই বাজারের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ চান তারা।