রাশিয়ার উপকূলে ড্রোন হামলা, ভারতীয় ২৩ নাবিকসহ তেলবাহী জাহাজে আগুন

কৃষ্ণসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজে হামলার পর নাবিকদের উদ্ধার; আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রুশ কর্তৃপক্ষ

টুইট ডেস্ক: রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে নৌ ড্রোন হামলায় ভারতীয় ২৩ নাবিকসহ একটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে হামলার পর থাকা ২৩ নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) রুশ কর্তৃপক্ষ জানায়, সোচির কাছে কৃষ্ণসাগরে জাহাজটিতে নৌ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হামলার পর জাহাজে থাকা অপরিশোধিত তেলে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের তীব্রতা কিছুটা কমলে আবারও জাহাজটিতে অগ্নিনির্বাপণের চেষ্টা চালানো হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সমুদ্রের মধ্যে জ্বলন্ত জাহাজ থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

ঘটনার পর নিরাপত্তার কারণে সোচির উপকূল ও সৈকত এলাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র।

এর একদিন আগে রোমানিয়ার উপকূলের কাছে আরেকটি জাহাজে আগুন ধরে পরে সেটি ডুবে যায়। ওই ঘটনায় একজন নিহত ও একজন নিখোঁজ হন। ইউক্রেনের দাবি, রুশ ড্রোন হামলার কারণে জাহাজটিতে আগুন ধরে। ঘটনায় একজন ভারতীয় নাবিক আহত হন বলেও জানানো হয়েছে।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজগুলোও হামলার ঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেনের পারস্পরিক হামলা বাড়ায় এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কিয়েভের অভিযোগ, রাশিয়া ইউক্রেনীয় পণ্যবাহী জাহাজ ও সমুদ্রপথে হামলা চালাচ্ছে। অন্যদিকে রাশিয়ার তেল অবকাঠামোয় ইউক্রেনের হামলাকে পাল্টা জবাব হিসেবে দেখছে কিয়েভ। দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় কৃষ্ণসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল ও পরিবেশগত ঝুঁকিও বাড়ছে।