ধানমন্ডিতে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা

বিশেষজ্ঞ চিকিৎসা, আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে নতুন এই কেন্দ্রে মিলবে নানা ধরনের ডায়াগনস্টিক সুবিধা; উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়।
টুইট প্রতিবেদক। রাজধানীর ধানমন্ডিতে যাত্রা শুরু করেছে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। সম্প্রতি ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আকিজ ইনসাফের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন ও পরিচালক রেজওয়ানা আফরোজ।
‘প্রতিটি পদক্ষেপে যত্ন ও ইতিবাচক অভিজ্ঞতা’ প্রত্যয় নিয়ে চালু হওয়া এই কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও রোগীকেন্দ্রিক সেবার সমন্বয় করা হয়েছে। এখানে এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, ম্যামোগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, ইটিটি ও ইকোকার্ডিওগ্রামসহ বিভিন্ন পরীক্ষা এবং পূর্ণাঙ্গ রোগনির্ণয় সেবা পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত রোগী দেখবেন।
উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী বিশেষ সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশির ভাগ রোগনির্ণয়, রেডিওলজি ও চিত্রায়ন পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
রোগীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের জন্য কেন্দ্রে বৈদ্যুতিক স্ট্রেচার, বৈদ্যুতিক হুইলচেয়ার এবং উচ্চতা সমন্বয়যোগ্য রোগীর শয্যা রাখা হয়েছে। এতে প্রবীণ, অতিরিক্ত ওজনের এবং চলাচলে অসুবিধা থাকা রোগীদের অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসকের কক্ষ পর্যন্ত আনা-নেওয়া সহজ ও নিরাপদ হবে।
প্রযুক্তিনির্ভর সেবার অংশ হিসেবে বিভিন্ন পরীক্ষার জন্য অনলাইন বুকিংয়ের সুবিধাও রাখা হয়েছে। এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, ম্যামোগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, ইটিটি ও ইকোকার্ডিওগ্রামসহ পরীক্ষার অনলাইন বুকিংয়ের সময় রোগীরা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে নির্দেশনামূলক ভিডিও দেখতে পারবেন। কেন্দ্রটির বিভিন্ন তলার প্রদর্শনী পর্দাতেও এসব তথ্য নিয়মিত দেখানো হচ্ছে।
আকিজ ইনসাফের এক কর্মকর্তা বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত চিকিৎসাসেবা, সমন্বিত রোগনির্ণয় সুবিধা ও রোগীর স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি কাজ করবে। স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপে রোগীদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।






