দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে দুটি রিং

তিন স্থানে ব্লক শনাক্ত, দুটি স্থানে রিং স্থাপন; অন্যটিতে বেলুন পদ্ধতিতে চিকিৎসা।
টুইট প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) স্থাপন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্যন্ত্রের রক্তনালিতে থাকা ব্লক দূর করতে এ চিকিৎসা সম্পন্ন করেন চিকিৎসকেরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রের এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তাঁর হৃদ্যন্ত্রের তিনটি স্থানে রক্তনালিতে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোববার দুটি ব্লকে রিং স্থাপন করা হয়।
অপর ব্লকটির চিকিৎসায় বেলুন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এ পদ্ধতিতে বেলুনের সাহায্যে সংকুচিত রক্তনালি প্রসারিত করা হয়, যাতে হৃদ্যন্ত্রে রক্ত চলাচল স্বাভাবিক রাখা যায়।
অধ্যাপক চিকিৎসক এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে পুরো চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।
তাঁর চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশের চিকিৎসাব্যবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সক্ষমতার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।






