বান্দরবানে চিকিৎসার করুণ চিত্র, আইসিইউর সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ, নতুন ভবনে তালা

হাসপাতাল আছে, আইসিইউ আছে—চিকিৎসা নেই, বান্দরবানে এ কেমন অবহেলা! ২৫০ শয্যার ভবন পাঁচ বছরেও চালু হয়নি, মেয়াদ হারাচ্ছে কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম; অচল অ্যাম্বুলেন্সে বাড়ছে রোগীর দুর্ভোগ।
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: হাসপাতালের নতুন ভবন আছে, আধুনিক চিকিৎসা সরঞ্জাম আছে, আইসিইউ-সিসিইউ স্থাপনের সুযোগও রয়েছে। অথচ চিকিৎসাসেবা নেই। শয্যাসংকটে রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে। জটিল রোগে আক্রান্তদের পাঠাতে হচ্ছে চট্টগ্রামে।
অন্যদিকে কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম বছরের পর বছর অব্যবহৃত পড়ে থেকে মেয়াদ হারাচ্ছে। জরুরি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সও অচল। বান্দরবান সদর হাসপাতালের এমন চিত্রে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
পাঁচ বছরেও চালু হয়নি ২৫০ শয্যার ভবন
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে ৫০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে বান্দরবান সদর হাসপাতাল। ২০০৫ সালে এটি ১০০ শয্যায় উন্নীত হয়। জেলার সাতটি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চিকিৎসার অন্যতম ভরসা এই হাসপাতাল।
২৫০ শয্যার ১০ তলা নতুন ভবনের নির্মাণকাজ ২০২২ সালে শেষ হওয়ার কথা বলা হলেও এখনো চালু হয়নি। প্রশাসনিক অনুমোদন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার মানুষ। নতুন ভবনে আইসিইউ, সিসিইউ, আইসোলেশন, সার্জারি ও গাইনি ওয়ার্ডসহ নানা সুবিধা রয়েছে।
বর্তমানে প্রতিদিন গড়ে ৯০০ থেকে ১ হাজার রোগী বহির্বিভাগে এবং ১০০ থেকে ২০০ রোগী আন্তবিভাগে চিকিৎসা নেন। শয্যাসংকটে অনেককে থাকতে হয় হাসপাতালের মেঝেতে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকা থেকে আসা রোগীদের দুর্ভোগ চরমে।
ছয় বছর ধরে পড়ে আছে আইসিইউ সরঞ্জাম
করোনা মহামারির সময় তিন শয্যার আইসিইউ চালুর জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হয়েছিল ভেন্টিলেটর, হাই ফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ শয্যা, এবিজি মেশিন ও পেশেন্ট মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম। কিন্তু ছয় বছরেও আইসিইউ চালু হয়নি। হাসপাতালের তৃতীয় তলার একটি মজুত কক্ষে পড়ে আছে এসব যন্ত্রপাতি।
২০২০ সালে প্রথম দফায় এবং ২০২১ ও ২০২২ সালে আরও সরঞ্জাম সরবরাহ করা হয়। পাঁচ বছর মেয়াদি এসব যন্ত্রপাতির প্রথম দফার কিছু সরঞ্জামের মেয়াদ গত বছর শেষ হয়েছে। দ্বিতীয় দফার সরঞ্জামের মেয়াদও শেষ হওয়ার কাছাকাছি।
হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট (শিশু) রাশেদুল আলম বলেন, “আইসিইউয়ের জন্য মজুতে থাকা সরঞ্জামগুলো সচল রয়েছে কি না, তা পরীক্ষা না করে কাজে লাগানো যাবে না। অনেক সরঞ্জামের ব্যবহার না হওয়া অবস্থায় মেয়াদকাল শেষ হয়েছে।”
হামের রোগী বাড়ছে, উন্নত চিকিৎসায় যেতে হচ্ছে চট্টগ্রামে
সম্প্রতি বান্দরবানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন ২০ থেকে ৫০ জন হামের রোগী আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। শ্বাসকষ্টজনিত জটিলতায় এ পর্যন্ত ৩৭ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
পুরোনো হাসপাতালে আইসিইউ ও সিসিইউ না থাকায় জটিল রোগীদের চিকিৎসায় সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে বাড়ছে রোগীদের যাতায়াত ও চিকিৎসা ব্যয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দরিদ্র পরিবারগুলো।
কোটি টাকার আরটি-পিসিআর ল্যাবও অচল
করোনা শনাক্তকরণের জন্য সরবরাহ করা কোটি টাকা মূল্যের আরটি-পিসিআর ল্যাব ছয় বছরেও চালু করা যায়নি। ল্যাবটি স্থাপনের জন্য হাসপাতালের দরজা কেটে বড় করা হলেও শেষ পর্যন্ত স্থাপন করা সম্ভব হয়নি। এটি পরিচালনায় বিশেষজ্ঞসহ ১৩ জন জনবল প্রয়োজন বলে জানা গেছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তৌহিদুল আনোয়ার বলেন, “ছয় বছর আগে সরঞ্জাম দিয়ে যে সীমাবদ্ধতার জন্য আইসিইউ চালু করা সম্ভব হয়নি, সেই একই অবস্থা এখনো বিরাজমান রয়েছে। আইসিইউ ওয়ার্ডের জন্য জায়গা, ২৪ ঘণ্টা পরিচালনার জনবল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নেই। নতুন নির্মাণাধীন হাসপাতাল ভবন হস্তান্তর হলে ও জনবল পাওয়া গেলে আইসিইউ চালু করা সম্ভব হতে পারে।” তিনি জানান, নতুন হাসপাতাল ভবনের নির্মাণকাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে।
অচল অ্যাম্বুলেন্স, জরুরি সময়ে রোগীর ভোগান্তি
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলো ভাঙাচোরা ও অচল অবস্থায় পড়ে থাকায় জরুরি সময়ে রোগী পরিবহনে সংকট তৈরি হয়। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে অনেক রোগীকে কাঁধে করে কিংবা ভ্যানে হাসপাতালে আনতে হয়। অ্যাম্বুলেন্স অচল থাকা সত্ত্বেও চালকদের বেতন-ভাতা নেওয়ার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য প্রয়োজন।
অবহেলার দায় নেবে কে
কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম পড়ে থেকে নষ্ট হচ্ছে, নতুন হাসপাতাল ভবন চালু হচ্ছে না, আর জরুরি রোগী পরিবহনে নেই কার্যকর অ্যাম্বুলেন্স—এসব কি শুধু অব্যবস্থাপনা, নাকি দায়িত্ব পালনে গুরুতর অবহেলা? সরকারি অর্থের এমন ব্যবহারের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বান্দরবানের মানুষের দাবি, দ্রুত ২৫০ শয্যার নতুন ভবন চালু, আইসিইউ-সিসিইউ সচল, আরটি-পিসিআর ল্যাব কার্যকর এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে।
পাহাড়ের মানুষের প্রশ্ন—জীবন বাঁচানোর জন্য নির্মিত হাসপাতাল তালাবদ্ধ থাকবে কেন? কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম পড়ে থেকে নষ্ট হবে কেন? জরুরি সময়ে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না কেন?
বান্দরবানের মানুষ আর প্রতিশ্রুতি নয়, কার্যকর চিকিৎসাসেবা চায়। অবহেলা ও অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি তাঁদের।






