সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে নারী বিভাগে চ্যাম্পিয়ন থানচি

ফাইনালে বান্দরবান সদরকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে থানচি উপজেলা নারী দল
বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর নারী বিভাগের ফাইনাল। রোববার সকালে অনুষ্ঠিত ফাইনালে বান্দরবান সদর উপজেলা নারী দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে থানচি উপজেলা নারী দল।
বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান সদর জোনের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও সম্মিলিত ক্রীড়া পরিষদের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত থানচি উপজেলা নারী দল দুই গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ বিজিবির অধিনায়ক ও বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন। এ সময় ২৮ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, মেজর সৈয়দ রবিউল ইসলাম, ক্যাপ্টেন মো. মহিবুল্লাহ, ক্যাপ্টেন কাজী সাদমান, ক্যাপ্টেন সামিউল ইসলামসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচক মো. হায়দার কবির (প্রিন্স), সম্মিলিত ক্রীড়া পরিষদ বান্দরবানের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, খেলোয়াড় এবং প্রায় এক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে ফাইনাল ম্যাচটি উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নারী বিভাগের ফাইনাল শেষ হয়। একই দিন বিকেল ৪টায় বান্দরবান সদর উপজেলা ও আলীকদম উপজেলা পুরুষ দলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






