হৃদ্যন্ত্রে ছিদ্র নিয়ে জন্ম, এতিম ফারদিনের চিকিৎসার দায়িত্ব নিলেন ভূমিমন্ত্রী মিনু

ঢাকায় নিয়ে অস্ত্রোপচারসহ চিকিৎসার পুরো ব্যয় বহনের ঘোষণা; শিশুটির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইলেন মন্ত্রী
টুইট ডেস্ক: জন্মগত হৃদ্যন্ত্রের জটিলতায় আক্রান্ত আট বছরের এতিম শিশু ফারদিন রায়হানের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। শিশুটির চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া, থাকা এবং অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।
ফারদিনের পরিবার সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই তার হৃদ্যন্ত্রে ছিদ্রসহ নানা জটিলতা ছিল। দরিদ্র রিকশাচালক পরিবারটি সামর্থ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চালিয়ে আসছিল। গত বছর অসুস্থ হয়ে ফারদিনের মা মারা গেলে শিশুটির দায়িত্ব পড়ে তার নানী হালিমা বেগমের ওপর।
ফারদিনের নানা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অন্যদিকে নানী রাজশাহী নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে অস্থায়ীভাবে ঝাড়ুদারের কাজ করেন। স্বল্প আয়ের এই পরিবারটি বিভিন্ন মানুষের সহায়তা নিয়ে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে শিশুটির চিকিৎসা চালিয়ে আসছিল।
সম্প্রতি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা ফারদিনকে দ্রুত ঢাকার হার্ট ফাউন্ডেশনে নিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেন। চিকিৎসকদের হিসাবে, অস্ত্রোপচারসহ চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার বেশি প্রয়োজন।
এ অবস্থায় শিশুটির নানী স্থানীয় বিএনপির এক নেত্রীর সঙ্গে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে দেখা করেন। শিশুটির অসুস্থতা ও পরিবারের আর্থিক দুরবস্থার কথা শুনে মন্ত্রী তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
মন্ত্রী ফারদিন ও তার নানীকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পাশাপাশি ঢাকায় তাদের থাকার ব্যবস্থা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও অস্ত্রোপচারের যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দেন।
ফারদিনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে শিশুটি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।






