চা খেয়ে ফেরার পথে গুলিতে চরমপন্থি নেতা নিহত

দিঘলিয়ায় ফায়ার সার্ভিসের সামনে হামলা, ঘটনাস্থল থেকে গুলি ও ম্যাগাজিন উদ্ধার।
টুইট ডেস্ক: খুলনার দিঘলিয়ায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমুল গনি ওরফে নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ফরমাইজখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নাসিম ওই এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও তিনটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, একটি চায়ের দোকানে চা খেয়ে নাসিম বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে দুই ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে।
হত্যাকাণ্ডে কারা জড়িত এবং কী কারণে নাসিমকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
সূত্র: আমার দেশ






