মদিনায় হুথিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

তাইবাহ বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়; সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সংহতি ঢাকার
টুইট ডেস্ক: পবিত্র নগরী মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না।
সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথি মদিনার একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। ওই কেন্দ্র থেকেই ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
জোটের দাবি, হামলায় বিদ্যুৎকেন্দ্রের একটি রূপান্তরক যন্ত্র অকেজো হয়ে পড়লেও মদিনার সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।
তবে হুথি হামলার দায় অস্বীকার করেছে। সংগঠনটির দাবি, তারা এ ধরনের কোনো হামলা চালায়নি।






