ক্যাভিয়ারের ভাঁজযোগ্য আইফোনের দাম ২১ হাজার ডলার

রুপার তৈরি বিশেষ সংস্করণ মাত্র ১৭টি, সর্বোচ্চ ধারণক্ষমতার ফোনটির দাম প্রায় ১০ গুণ।

টুইট প্রতিবেদক: অ্যাপলের নতুন ভাঁজযোগ্য আইফোন বাজারে আসার পর এর দাম নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে। তবে সাধারণ সংস্করণের তুলনায় এর বিলাসবহুল বিশেষ সংস্করণের দাম যে অনেক বেশি, তা তৈরি করেছে রুশ বিলাসপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার।

ক্যাভিয়ার আইফোন ডুওর ‘তরল ধাতু’ নামে একটি বিশেষ সংস্করণ তৈরি করেছে। এর সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৩৪০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ টাকার সমান।

উইং এই বিশেষ সংস্করণ তৈরিতে ব্যবহার করা হয়েছে স্টার্লিং রুপা। ফোনটির বাইরের অংশে দেওয়া হয়েছে আয়নার মতো চকচকে পালিশ। ভাঁজ খোলা ও বন্ধ করার সময় ফোনের আকৃতিতে যে পরিবর্তন দেখা যায়, সেটিকেই নকশার মূল অনুপ্রেরণা হিসেবে নিয়েছে ক্যাভিয়ার।

ফোনটির পেছনের নকশায় প্রবহমান রেখা ব্যবহার করা হয়েছে। ফলে ভাঁজ খোলা বা বন্ধ করার সঙ্গে সঙ্গে এর পৃষ্ঠের নকশাতেও পরিবর্তনের অনুভূতি তৈরি হয়। ক্যাভিয়ারের নকশায় ভাঁজযোগ্য ফোনটিকে অনেকটা ধাতব ভাস্কর্যের আদলে উপস্থাপন করা হয়েছে।

বিশেষ এই সংস্করণের মাত্র ১৭টি ইউনিট তৈরি করা হয়েছে। ধারণক্ষমতার ওপর ভিত্তি করে এর দামও আলাদা। ২৫৬ গিগাবাইট সংস্করণের দাম ১৮ হাজার ৮৪০ ডলার, ৫১২ গিগাবাইটের দাম ১৯ হাজার ২০০ ডলার এবং ১ টেরাবাইটের দাম ১৯ হাজার ৯১০ ডলার। সবচেয়ে বেশি ২ টেরাবাইট ধারণক্ষমতার সংস্করণটির দাম ২১ হাজার ৩৪০ ডলার।

যুক্তরাজ্যের বাজারে সাধারণ আইফোন ডুওর সর্বোচ্চ দাম ৩ হাজার ১৯৯ পাউন্ড। সেই হিসাবে ক্যাভিয়ারের ২ টেরাবাইট সংস্করণের দাম সাধারণ সংস্করণের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

শুধু আইফোন ডুও নয়, অ্যাপলের আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সেরও বিলাসবহুল সংস্করণ তৈরি করেছে ক্যাভিয়ার। এসব বিশেষ সংস্করণের সংখ্যা ৭৬টি। নকশা ও ব্যবহৃত উপকরণ অনুযায়ী এগুলোর দাম ৭ হাজার ১৩০ থেকে ৮৮ হাজার ২৯০ ডলার পর্যন্ত।

এর মধ্যে ‘পালমেট ১৮ ক্যারেট’ সংস্করণে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট সোনা ও হীরা। ফোনটির কাঠামো সোনায় তৈরি এবং এতে সংযুক্ত আরব আমিরাতের প্রতীকী খেজুরগাছের পাতা থেকে অনুপ্রাণিত নকশা রয়েছে। নকশায় হাতে বসানো হয়েছে শতাধিক হীরা।

অ্যাপলের প্রতীকেও ব্যবহার করা হয়েছে মূল্যবান পাথর।
অ্যাপলের পণ্যের বিলাসবহুল সংস্করণ তৈরিতে ক্যাভিয়ার অবশ্য নতুন নয়।

চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটি আইফোন ১৭ প্রো ম্যাক্সের একটি বিশেষ সংস্করণ তৈরি করেছিল। সেই ফোনে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের পরা বিখ্যাত কালো গলাবন্ধ পোশাকের এক টুকরা কাপড়ও ব্যবহার করা হয়েছিল।