দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না
রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, দিল্লির শাসন কিংবা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘বাংলাদেশ আল্লাহর জমিন। দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর। যাদের হেডকোয়ার্টার দিল্লিতে, তাদের দিল্লিতেই চলে যেতে হবে।’
মওদুদী প্রসঙ্গে তিনি বলেন, মওদুদীকে ব্রিটিশরা তৈরি করেছিল এবং তিনি ভারতের দালাল ছিলেন। মুসলমানদের বিভক্ত করার উদ্দেশ্যেই তাকে তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে ভূমিমন্ত্রী অভিযোগ করেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকেই ক্ষতি করেছে। তিনি দাবি করেন, ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে।
আগামী নির্বাচন প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ১৯৯১ সালের নির্বাচনে ধানের শীষের ভোট চুরি করা হয়েছিল বলে তিনি মনে করেন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসার কারণে আগামী নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভালো ফল করবেন বলেও মন্তব্য করেন তিনি।
আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভূমিমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বে রয়েছেন, তাদের সরিয়ে ভবিষ্যতে ঈদগাহ, বড় মসজিদ ও ধর্মীয় অনুদানসংক্রান্ত দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, গত ১৭ বছরে যারা নির্যাতন চালিয়েছে এবং দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, তাদের কর্মকাণ্ড ভুলে গেলে চলবে না। একই সঙ্গে দলের ভেতরে কাদা ছোড়াছুড়ি ও বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থেকে সাংগঠনিক ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ ওলামা দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






