রাজশাহীতে সিগন্যাল অমান্য করে পুলিশকে ধাক্কা দিয়ে পালাল বাইকচালক

চেকপোস্টে থামার সংকেত না মেনে পুলিশকে ধাক্কা, আহত দুই সদস্য

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পৃথক চেকপোস্টে সিগন্যাল অমান্য করে দুই পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন দুই মোটরসাইকেলচালক। শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় নগরের বিহাস মোড় ও কাটাখালী বাজারে দুটি ঘটনা ঘটে।

আহতরা হলেন- মতিহার থানার এসআই কিবরিয়া আহমেদ ও কাটাখালী থানার কনস্টেবল রবিউল ইসলাম। ঘটনার পর দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, সন্ধ্যায় নগরীর কাটাখালী বাজারে চেকপোস্টে দায়িত্ব পালনকালে কনস্টেবল রবিউল ইসলাম একটি মোটরসাইকেল চালককে থামার জন্য সিগন্যাল দেন। তবে চালক সিগন্যাল অমান্য করে কনস্টেবল রবিউল ইসলামকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে রবিউল আহত হন।

একইভাবে বিকেলে নগরীর বিহাস মোড়ে পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন এসআই কিবরিয়া আহমেদ। তিনি মাথার বাম পাশে গুরুতর আঘাত পেয়েছেন।