নারী ও শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী

টুইট ডেস্ক: সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ এবং সক্ষম।
এ সময় সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে জানাতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী। নারীদের জন্য পারিবারিক কার্ডকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি নারী ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।
নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই সংসদ সদস্য বা মন্ত্রী হবেন না। তবে দলের নেতাকর্মীদের মধ্য থেকেই ভবিষ্যতে সংসদ সদস্য ও মন্ত্রী নির্বাচিত হবেন। তাই নেতৃত্বের দায়িত্ব পালনের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
অতীতে জাতীয়তাবাদী মহিলা দল যেভাবে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও একইভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা।






