পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় ৩ কমিটি গঠনকে স্বাগত পিসিএনপির

দীর্ঘদিনের সমস্যা সমাধান ও সব সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার নিশ্চিতের আশা সংগঠনটির

বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কর্তৃক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

শনিবার দুপুর ১২টায় বান্দরবান শহরের রিস্বংস্বং রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ উদ্যোগকে স্বাগত জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

লিখিত বক্তব্যে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষা, দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং বৈষম্যহীন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই উচ্চপর্যায়ের তিনটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কমিটি পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

পিসিএনপির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে এ ধরনের উদ্যোগ অতীতে কোনো সরকার নেয়নি। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো নিরলসভাবে কাজ করে পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার পাশাপাশি অঞ্চলে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. নাসির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল, পৌর সভাপতি সামশুল হক সামুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।