ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ, প্রধানমন্ত্রীর আহ্বানে রাজশাহী রেঞ্জ পুলিশের ব্যাপক উদ্যোগ

রাজশাহীতে পরিচ্ছন্নতা অভিযানে ডিআইজি আশিক সাঈদসহ পুলিশের ব্যাপক অংশগ্রহণ। জমে থাকা পানি অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান।
রাজশাহী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে মাঠে নেমেছেন সর্বস্তরের মানুষ। এরই ধারাবাহিকতায় “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে ডিআইজি আশিক সাঈদ নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে মশার বংশবিস্তার রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।
জনস্বাস্থ্য সুরক্ষায় পুলিশের এই সক্রিয় অংশগ্রহণকে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির একটি ইতিবাচক ও অনুসরণযোগ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে রাজশাহী রেঞ্জ পুলিশের মাঠপর্যায়ের এই ভূমিকা অন্যদেরও এমন সামাজিক উদ্যোগে সম্পৃক্ত হতে উৎসাহিত করতে পারে। ডেঙ্গু প্রতিরোধ কেবল কোনো একক প্রতিষ্ঠান বা সংস্থার দায়িত্ব নয়; জাতীয় এই উদ্যোগ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।
এ সময় রাজশাহী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।








