রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত রুশ প্রায় ৫ লাখ: যুক্তরাজ্যের সেনাপ্রধান

সাড়ে চার বছরে নিহত ও আহত মিলিয়ে রুশ শিবিরে প্রাণহানি প্রায় ২০ লাখ, দাবি যুক্তরাজ্যের

টুইট ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় সাড়ে চার বছরে রুশ শিবিরে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়েই রয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ১৫ লাখ।

শুক্রবার সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় যুক্তরাজ্যের সেনাপ্রধান এ তথ্য জানান। তিনি বলেন, দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধের বর্তমান সময় পর্যন্ত রুশ পক্ষের প্রায় ৫ লাখ নিহতের তথ্য উঠে এসেছে।

তবে নিহত ও আহতদের বড় অংশই রুশ সামরিক বাহিনীর সদস্য বলে জানান নাইটন। তার দাবি, প্রাণহানির সিংহভাগ ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে। বিপুল প্রাণহানির বিনিময়ে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র প্রায় ২ শতাংশ দখল করতে পেরেছে বলেও তিনি উল্লেখ করেন।

যুক্তরাজ্যের সেনাপ্রধান বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য অর্জনের জন্য মানুষের জীবন কীভাবে ব্যয় হচ্ছে, নিহতের এই সংখ্যা তারই প্রতিফলন। তার ভাষ্য অনুযায়ী, রাশিয়ার প্রায় ৫ লাখ পরিবার তাদের বাবা, ভাই, ছেলে কিংবা স্বামীকে হারিয়েছে।

এদিকে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, যুদ্ধে ব্যাপক প্রাণহানি এবং রাশিয়ার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লেও ইউক্রেন বিষয়ে পুতিনের অবস্থান বা লক্ষ্য পরিবর্তনের কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শুরু হওয়া সেই যুদ্ধ শুক্রবার ১ হাজার ৬৬০ দিনে গড়িয়েছে।

দীর্ঘস্থায়ী এই যুদ্ধে রুশ বাহিনী ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুশ সেনাদের যুদ্ধক্ষেত্রে থাকার সময়কেও ছাড়িয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।