প্রথমবার সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

প্রথম–পঞ্চম গ্রেডে ৫০০, ষষ্ঠ–বিংশ গ্রেডে ১৫০ টাকা; বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতনস্কেল কার্যকর হলে প্রথমবারের মতো সব গ্রেডের সরকারি কর্মচারী মোবাইল ভাতা পাবেন। এতদিন মূলত প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মচারীরা এ সুবিধা পেতেন।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে মোবাইল ভাতার আওতা বাড়ানোর বিষয়টি জানানো হয়।

সচিব কমিটির সুপারিশ অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে বিংশ গ্রেডের কর্মচারীরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন। সরকারি দাপ্তরিক যোগাযোগে মোবাইল ব্যবহারের প্রয়োজনীয়তা এবং সরকারের অতিরিক্ত ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এ হার নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

এর আগে জাতীয় বেতন কমিশন ২০২৫ ষষ্ঠ থেকে দশম গ্রেডে মাসে ৫০০ টাকা এবং একাদশ থেকে বিংশ গ্রেডে ৪০০ টাকা দেওয়ার প্রস্তাব করেছিল। প্রথম থেকে তৃতীয় গ্রেডে ১ হাজার ৫০০ টাকা এবং চতুর্থ-পঞ্চম গ্রেডে ১ হাজার টাকা দেওয়ার প্রস্তাব ছিল। ওই হারে ভাতা দিতে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় প্রায় ৬০৬ কোটি টাকা হতো।

ধাপে ধাপে নতুন বেতনস্কেল

জাতীয় বেতনস্কেল ২০২৬, ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। চলতি ২০২৬-২৭ ও আগামী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করা হবে।

নতুন বেতনস্কেলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক সরকারি কর্মচারী এবং প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা

নতুন বেতনস্কেলে প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে এ ভাতা দেওয়া হবে।