এক উপজেলার সব ইউপির ভোট হবে একসঙ্গে: ইসি সচিব

কয়েক ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে

টুইট ডেস্ক: সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে কতটি ধাপে নির্বাচন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ একটি উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদে একই সময়ে ভোট অনুষ্ঠিত হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে নির্বাচন করে অন্য ইউনিয়নগুলো ভিন্ন ধাপে নির্বাচন করলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই একই উপজেলার সব ইউনিয়ন পরিষদে একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সারাদেশে নির্বাচন কয়েকটি ধাপে হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়েও নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের কার্ড প্রদানের বিষয়ে গঠিত কমিটি আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবনা দেবে। এরপর ওই প্রস্তাবনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।