প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নতুন ১৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগ শেষ হলে আবার চালুর কথা; বদলি নীতিমালা পরিবর্তনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, বদলি কার্যক্রমে নানা অনিয়ম ও জটিলতা দেখা দেওয়ায় বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। শিক্ষক বদলিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, চলতি বছর ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। ২১ জানুয়ারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনের ফল প্রকাশ করা হয়। পরে মৌখিক পরীক্ষা শেষে ফেব্রুয়ারিতে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ববি হাজ্জাজ বলেন, নতুন শিক্ষকদের নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত সব বদলি স্থগিত থাকবে। ১৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগ চূড়ান্ত হলে আবার বদলি কার্যক্রম চালু করা হবে। তবে তখন আগের নীতিমালায় বদলি হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, উপবৃত্তিসহ প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। ভবিষ্যতে উপবৃত্তি আরও বেশি আর্থিক প্রয়োজনভিত্তিক করার এবং এর আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত করার পাশাপাশি বিদ্যালয়ের বাইরে থাকা শিশু-কিশোরদের শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমও শক্তিশালী করা হচ্ছে।