প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগ, যুবক রিমান্ডে

টুইট ডেস্ক: ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক মোটরসাইকেলচালক মুহিবুল্লাহ মুবিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসামি মুহিবুল্লাহ মুবিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে বক্তব্য দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পরপরই নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ওই যুবককে আটক করা হয়।
ঘটনার পর তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলার তদন্তে নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার কারণ, উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।






