জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক

ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারসহ ১৫ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবটি উত্থাপন করেন। পরে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।

শোক প্রস্তাবে জমির উদ্দিন সরকার ছাড়াও সাবেক সংসদ সদস্য মো. রুস্তম আলী মোল্লা, ফরিদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট হারুন আল রশীদ, সাবেক প্রধান হুইপ ও প্রতিমন্ত্রী মোশারফ হোসেন মিয়া, সেলিমা আহমাদ, শরফউদ্দিন খসরু এবং নজরুল ইসলাম চৌধুরীর নাম রয়েছে।

এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার হিরু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায়, সাবেক মন্ত্রী মুহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মহব্বত জান চৌধুরী, সাবেক মন্ত্রী আবু সাদত মোহাম্মদ আবু সাঈদ, সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজ এবং সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুতেও সংসদ শোক প্রকাশ করে।

একই সঙ্গে একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার, বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডা. মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

এ ছাড়া নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায়ও জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করে। নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায়ও সংসদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

শোক প্রস্তাব গ্রহণের পর মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে তাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।