নেপালে বন্যায় নিহতদের স্মরণে সংসদে শোকপ্রস্তাব

আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ, সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ

টুইট ডেস্ক: নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শোকপ্রস্তাব উত্থাপনের পর প্রধান হুইপ মো. নুরুল ইসলাম সংসদে তা উপস্থাপন করেন। পরে উপস্থিত সংসদ সদস্যদের সম্মতিতে শোকপ্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

এর আগে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেওয়া এক শোকবার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শোকবার্তায় দুর্যোগের এই কঠিন সময়ে নেপালের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতির পর দেশটিতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দুর্গত মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কাজ করছে।