নেপালের বন্যা-ভূমিধসে প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক

নেপালের পাশে থাকার আশ্বাস বাংলাদেশের, প্রয়োজন হলে সহায়তার প্রস্তুতি
টুইট ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার ২৬ আগস্ট দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে ভয়াবহ বন্যায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তারেক রহমান।
শোকবার্তায় তিনি বলেন, যারা প্রাণ হারিয়েছেন এবং এই অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছেন, তাঁদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁদের এই কঠিন সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা তাঁদের সঙ্গে রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ভয়াবহ এই দুর্যোগে নেপালের মানুষের যে ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত।
তিনি আরও জানান, এই দুর্যোগের সময়ে নেপালের যেকোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে বাংলাদেশ পাশে থাকতে প্রস্তুত রয়েছে।
এর আগে নেপালের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে প্রবল পানির স্রোত ও ভূমিধসে বহু বাড়িঘর, সড়ক ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতাও অব্যাহত রয়েছে।
এমন ভয়াবহ দুর্যোগে নেপালের পাশে বাংলাদেশের এই সহমর্মিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






