রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ঈদে মিলাদুন্নবী পালিত

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশ ও যথাযথ ধর্মীয় মর্যাদায় রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে নগরীতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে ধর্মপ্রাণ মুসল্লিরা ধর্মীয় মিছিল বের করেন। সকাল পৌনে ১১টার দিকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশাল ‘জশনে জুলুশ’ বের করা হয়। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

জশনে জুলুশ চলাকালে কোরআন তিলাওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত পরিবেশন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে দরুদ শরিফ পাঠের পাশাপাশি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নগরীর বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষ নানা যানবাহনে করে জশনে জুলুশে যোগ দেন। পরে বেলা ১১টার দিকে সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার আলোকে নিজেদের জীবন পরিচালনার আহ্বান জানান।

সমাবেশ শেষে দেশ ও জাতির উন্নতি-অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে জশনে জুলুশটি হযরত শাহ মখদুম রূপোশ (র.)-এর দরগাহর দিকে চলে যায়।

এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নগরীর কারাগার, এতিমখানা, হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।

এছাড়া নগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কোরআন ও সূরা পাঠ, হামদ-নাতসহ নানা ধর্মীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দিনটি উপলক্ষে নগরজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।