নলডাঙ্গায় হেরোইনসহ যুবক আটক, চার মাসের কারাদণ্ড

ছয় পুরিয়া হেরোইন উদ্ধার; ভ্রাম্যমাণ আদালতে ১০০ টাকা জরিমানাও

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গায় ছয় পুরিয়া হেরোইনসহ জেন্টু মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাধনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেন্টু মন্ডল মাধনগর এলাকার দুলাল মন্ডলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে জেন্টু মন্ডলের কাছ থেকে ছয় পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উদ্ধার করা হেরোইন ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শামীম হোসেন বলেন, নলডাঙ্গা উপজেলায় মাদকদ্রব্যের বিস্তার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।