বাজারে স্বস্তি নেই, চড়া দামে নিত্যপণ্য

বেশিরভাগ সবজি ৮০ টাকার ওপরে, গরুর মাংস ৮৫০ ও খাসি ১ হাজার ৩০০ টাকা কেজি
টুইট ডেস্ক: নিত্যপণ্যের বাজারে অস্বস্তি কাটছে না। কয়েক সপ্তাহ ধরে বেশিরভাগ সবজির দাম চড়া থাকায় চাপ বাড়ছে সাধারণ ভোক্তার ওপর। শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। পটল, করলা, বরবটি, ঝিঙা, গোল বেগুন ও কাঁকরোলের দাম ৮০ টাকা কেজি। শসা ৬০, ধন্দুল ৭০, চিচিঙ্গা ৭০, গাজর ১২০, পেঁপে ৪০, ঢ্যাঁড়স ৬০, টমেটো ১২০ এবং শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি।
এ ছাড়া কচু ৮০, মিষ্টি কুমড়া ৬০, মুলা ৮০, লাউ ৬০ টাকা পিস এবং কাঁচা কলা ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।
মসলার বাজারেও তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি পেঁয়াজ ৬০, আলু ৩০, রসুন ১৫০ ও আদা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির বাজারও প্রায় অপরিবর্তিত। ব্রয়লার ১৯০, সোনালি ৩২০ থেকে ৩৩০, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ এবং লেয়ার মুরগি ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস ৮৫০ ও খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকা কেজি।
তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা কমে সাদা ডিম ১৩০ ও লাল ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে।
চালের বাজারে বড় কোনো পরিবর্তন নেই। মোটা চাল ৫২ থেকে ৫৫, বিআর-২৮ ৬০, মিনিকেট ৭৮ এবং কাটারি নাজির ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের মতে, সরবরাহ স্বাভাবিক থাকলে কিছু পণ্যের দাম স্থিতিশীল হতে পারে। তবে বন্যাসহ বিভিন্ন কারণে উৎপাদন ও সরবরাহে ঘাটতি থাকায় বাজারে এর প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






