পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ, পরিশ্রম ও দেশপ্রেমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান।

টুইট প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন গাজী কেডি ফাউন্ডেশন।

শনিবার বিকেলে একটি কমিউনিটি সেন্টারে ‘এসএসসি রিসিপশন অ্যাচিভার্স-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পটিয়াসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়া, সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী, যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার এবং প্রেরণাদায়ী বক্তা তানভীর শাহরিয়ার রিমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য গৌরবের বিষয়। তবে এই সাফল্য ধরে রাখতে ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মানুবর্তিতার প্রয়োজন।

তারা শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তাদের মতে, জ্ঞান ও নৈতিকতার সমন্বয়েই শিক্ষাজীবনের সাফল্য অর্থবহ হয়ে উঠবে।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।

গাজী কেডি ফাউন্ডেশন এর আগেও চট্টগ্রাম মহানগরীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে। শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েক বছর ধরে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী সিরাজ উল্লাহ জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।